স্পোর্টস ডেস্ক
ঢাকা: চোটের কারণে পিছিয়ে যাওয়া প্রীতি ম্যাচে মাঠে নেমেই ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। তবে পুয়ের্তো রিকোয় ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে ২-১ গোলের এই জয়ে ফুটবল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাঠের অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের ৮৮ মিনিটে হঠাৎ কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়লে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং এক অতিউৎসাহী ভক্ত মেসিকে জড়িয়ে ধরতে গিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেই দেন!
ভক্তের ধাক্কায় মেসি মাটিতে পড়ে গেলে এক নিরাপত্তাকর্মী দ্রুত ছুটে এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় তিনজনই মাটিতে গড়াগড়ি খান। তবে মেসি দ্রুতই উঠে দাঁড়ান এবং তিনি কোনো চোট পাননি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা মিলে মাঠ খালি করেন এবং ম্যাচ শেষে মেসিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
বায়ামোনের হোয়ান র্যামন লোব্রিয়েল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ১-১ সমতা ছিল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
এর আগেই এমএলএসে (MLS) লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করেছে হাভিয়ের মাচেরানোর দল। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিজেদের পরবর্তী ম্যাচে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবেন মেসিরা।
বাংলাফ্লো/এফআইআর





