বিনোদন ডেস্ক
ঢাকা: বুধবার (২৪ ডিসেম্বর) সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবরে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়। তবে দিন শেষে রিয়াজের পরিবার নিশ্চিত করেছে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তিনি সুস্থ আছেন।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রিয়াজ লোকচক্ষুর অন্তরালে চলে যান। তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগের কোনো উপায় ছিল না, যা এই গুজবকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তবে বুধবার সন্ধ্যায় রিয়াজের স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, “এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।”
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রিয়াজ কার্যত আত্মগোপনে রয়েছেন। তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন এবং গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিটিভি ও এফডিসিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেওয়া এবং বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার কারণে তিনি ব্যাপক সমালোচিত হন।
নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করে দুই যুগ ধরে ঢালিউড শাসন করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয়ে অনিয়মিত ছিলেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০২২ সালের ‘অপারেশন সুন্দরবন’। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি বা তার ঘনিষ্ঠজনরাও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
বাংলাফ্লো/এফআইআর






