তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: দীর্ঘদিন ধরে ‘মেটাভার্স’ নিয়ে মাতামাতি করার পর অবশেষে মূল জায়গায় ফিরছে সামাজিক যোগাযোগমাধ্যমের জায়ান্ট ফেসবুক। মেটা জানিয়েছে, তারা এখন অ্যাপটির মূল ভিত্তি—অর্থাৎ বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ারিং এবং মার্কেটপ্লেস—এই তিনটি বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক ঘোষণায় মেটা এই নতুন দিকনির্দেশনার কথা জানায়।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু বাজারে ফেসবুকের ব্যবহারকারীর প্রবৃদ্ধি থমকে গেছে, বিশেষ করে তরুণ বা জেন-জেড প্রজন্মের মধ্যে। এই পরিস্থিতি সামাল দিতেই ফেসবুক ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেসবুক মার্কেটপ্লেস তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি জেন-জেড ব্যবহারকারী এটি ব্যবহার করেন। তাই এতদিন অ্যাপের ‘More’ মেনুর আড়ালে থাকা মার্কেটপ্লেস বাটনটিকে এবার সামনে আনা হচ্ছে। নতুন আপডেটে অ্যাপের নিচের নেভিগেশন বারে সরাসরি মার্কেটপ্লেস দেখা যাবে। এর পাশেই থাকবে রিলস ও ফ্রেন্ডস অপশন।
ছবি দেখার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসছে। ইনস্টাগ্রামের মতো এখন ফেসবুকেও ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক দেওয়া যাবে। ছবিগুলো গ্রিড আকারে সাজানো থাকবে এবং ক্লিক করলে তা ফুল-স্ক্রিনে দেখা যাবে। ভিডিও এবং সার্চ রেজাল্ট দেখার ক্ষেত্রেও ফুল-স্ক্রিন ভিউয়ার যুক্ত হচ্ছে।
ফেসবুক আবার বন্ধুত্বনির্ভর ফিচারগুলোর ওপর জোর দিচ্ছে। ব্যবহারকারীরা প্রোফাইলে তাদের শখ, আগ্রহ, ভ্রমণ তথ্য, কী শুনছেন বা কোথায় যেতে চান—এমন তথ্য যোগ করতে পারবেন। এর লক্ষ্য হলো একই আগ্রহের মানুষদের মধ্যে সংযোগ বাড়ানো। এছাড়া কমেন্ট সেকশনে পিনিং টুল, অ্যানোনিমাস রিপোর্ট এবং রিপ্লাই করার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে।
ফিডকে আরও ব্যক্তিগতকৃত করতে কোনো পোস্ট পছন্দ না হলে তার কারণ জানানোর সুযোগ থাকবে। এছাড়া প্রোফাইলের পরিবর্তনগুলো এখন আর স্বয়ংক্রিয়ভাবে ফিডে যাবে না, ব্যবহারকারী চাইলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে এই পরিবর্তনগুলো চালু হবে বলে জানিয়েছে মেটা।
বাংলাফ্লো/এফআইআর






