বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) এবং শিশু ইভা (৬)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, তাঁর শ্বশুর জলিল মিয়া পরিবার নিয়ে আগারগাঁওয়ের ওই বাসায় ভাড়া থাকতেন। ভোরে আকস্মিক গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায় এবং এতে ঘরে থাকা ছয়জনই দগ্ধ হন। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, আগারগাঁও এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে বার্ন ইউনিটে আনা হয়েছে। তিনি বলেন, “বর্তমানে তাঁদের ড্রেসিং চলছে, তাই এই মুহূর্তে কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”
বাংলাফ্লো/এফআইআর






