ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে সবশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে অলরেডরা। ইউনাটেডের গোল করেছেন ব্রায়ান এমবুমো ও হ্যারি ম্যাগুয়ের। লিভারপুলের গোলটি কোডি গ্যাপকোর।
খেলার ৬২ সেকেন্ডে প্রথম গোল হজম করে লিভারপুল। ক্যামেরুনের উইঙ্গার ব্রায়ান এমবুমো গোল করে এগিয়ে দেন ইউনাইটেডকে। ২০২২ সালের অক্টোবরের পর এমন তাড়াতাড়ি গোল হজম করেনি অলরেড বাহিনী। প্রথমার্ধে ১-০ থাকে।
বিরতির পর ৭৮ মিনিটে সমতা ফেরান কোডি গ্যাপকো। ৮৪ মিনিটে আবারও ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাগুয়ের, ২-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে ইউনাইটেড।
ঘরের মাঠে খেলা নিয়ন্ত্রণ করতে পারলেও ফলাফল পক্ষে আনতে পারেনি লিভারপুল। ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ ও ১৯ শট নিয়ে এক গোলের বেশি করতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। চেলসি ও ক্রিস্টাল প্যালেসের পর ইউনাইটেডের কাছে লিগে টানা তৃতীয় হার দেখল বর্তমান চ্যাম্পিয়নরা।
লিভারপুলের বিপক্ষে জয়ে টেবিলের সেরা দশে চলেছে রুবেন আমোরিমের দল। ৮ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে ইউনাইটেড, টেবিল টপার আর্সেনাল থেকে ছয় পয়েন্ট দূরে। দুইয়ে ম্যানচেস্টার সিটি ও তিনে বোর্নমাউথ।


