বিনোদন ডেস্ক
ঢাকা: ২০২৫ সালের শেষটা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের জন্য। ‘ধুরন্ধর’-এর মতো সফল ছবি মুক্তি পেলেও বছরজুড়ে বলিউড হারিয়েছে ধর্মেন্দ্র ও আসরানির মতো কিংবদন্তি তারকাদের। সেই শোকের ছায়ার মধ্যেই এবার দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় দুই তারকা—ইমরান হাশমি ও নোরা ফাতেহি।
রাজস্থানে ‘আওয়ারাপন ২’ সিনেমার শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ইমরান হাশমি। উঁচু জায়গায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তার পেটের পেশি ছিঁড়ে যায়, যার ফলে শরীরের ভেতরে রক্তপাত শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। তবে সবাইকে অবাক করে দিয়ে প্রযোজকের লোকসান বাঁচাতে অস্ত্রোপচারের পরপরই পেটে ব্যান্ডেজ নিয়ে সেটে ফিরেছেন এই অভিনেতা। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিলেও তিনি ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, রোববার এক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পেয়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। চিকিৎসকরা তাকেও পূর্ণ বিশ্রামে থাকার কড়া নির্দেশনা দিয়েছেন।
একই সময়ে দুই তারকার দুর্ঘটনার খবরে বলিউডজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রিয় তারকাদের দ্রুত আরোগ্য কামনা করছেন। ইমরান হাশমির ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুটিংয়ের ছবি প্রকাশ্যে আসতেই তার কাজের প্রতি এই নিষ্ঠার প্রশংসা করছেন অনেকে, তবে একইসঙ্গে তার স্বাস্থ্য নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






