বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে তিনি এই আশ্বাস দেন।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এই ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। ইসি চায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে কোনো লুকোচুরি নেই।’ তিনি জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
ব্যালট পেপার মুদ্রণ থেকে শুরু করে আইনগত সংস্কার—সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সিইসি জানান, কূটনীতিকরা ইসির প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আস্থা জানিয়েছেন। ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ছিল না।
নির্বাচনের বিশাল পরিসংখ্যান: ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচনের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন:
অংশগ্রহণকারী দল: ৫১টি।
মোট প্রার্থী: ১,৯৯৪ জন (স্বতন্ত্র ২৫৬ জন)।
নিরাপত্তা বাহিনী: ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য।
ভোটগ্রহণ কর্মকর্তা: প্রায় ৮ লাখ।
পর্যবেক্ষক: দেশি ৫৫,৪৫৪ জন (৮১টি সংস্থা) এবং বিদেশি প্রায় ৫০০ জন।
বাংলাফ্লো/এফআইআর






