জেলা প্রতিনিধি
শেরপুর: স্থগিতকৃত শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীকে মাত্র ৪৮০ ভোট পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের আওতাধীন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট। এই নির্বাচনে মোট ভোট পড়ার হার ৫২.১৯ শতাংশ।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন। ১৯৯৪ সালে এই আসনের তৎকালীন সংসদ সদস্য ও রুবেলের পিতা সেরাজুল হকের মৃত্যুজনিত কারণে অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে তিনি প্রথমবারের মতো সংসদে যান। পরবর্তীতে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে শেরপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর




