গত মৌসুমে দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার ম্যাচের সবকটিতেই জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। নতুন মৌসুমে প্রথম এল ক্ল্যাসিকোয় নামার দুঃসংবাদই পেল কাতালুনিয়ার ক্লাবটি। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরলেও অনুশীলনে এসে আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।
চোট কাটিয়ে অনুশীলনে ফিরে বেশ আত্মবিশ্বাসী ছিলেন রাফিনহা। তবে বৃহস্পতিবার অসুস্থ বোধ করায় ২৮ বর্ষী তারকা ফরোয়ার্ড শুক্রবার আর অনুশীলন করেননি। তাতে এল ক্ল্যাসিকো মিস করার সম্ভাবনাই বেশি তার। তবে ফ্লিকের কাছে স্বস্তি বিষয় হল, গত শনিবার জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে চোট সেরে মাঠে ফিরেছিলেন দুই স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল ও ফারমিন লোপেজ।
রোববার মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে লড়াই। রোমাঞ্চকর এই লড়াই থেকে ছিটকে পড়া রাফিনহা ঠিক কবে নাগাদ ফিরবেন সেই নিশ্চয়তাও মেলেনি। ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে এই ব্রাজিল তারকার।


