শিক্ষা ডেস্ক
ঢাকা: দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে হলে পুরোনো চিন্তার ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়েই তারা কাজ করছেন। শুধু সচিবালয়কে দুর্নীতিমুক্ত রাখলেই চলবে না, মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমেও শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার গুণগত মান প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হয়নি। প্রাথমিক শিক্ষাই যেহেতু সামগ্রিক শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি, তাই এর মান উন্নয়ন ছাড়া শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এজন্য তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যুগ্মসচিব নুরুন্নাহার। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






