বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের নিবন্ধিত ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি ও ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে আজ বিকেল ৩টায় সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আসন্ন জাতীয় নির্বাচন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, আজ সকাল থেকেই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা ও মোট প্রত্যাহার করা মনোনয়নপত্র সংখ্যা জানানো হবে বলে জানিয়েছে ইসি।
বাংলাফ্লো/এফআইআর






