বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যানুযায়ী ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সচিব জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্যে এই হার পাওয়া গেছে। দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি বলে নিশ্চিত করেছে ইসি।
এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। ২৯৯টি সংসদীয় আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাফ্লো/এফআইআর






