আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। অংশীজনদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে ইসি।
সোমবার (৬ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংলাপগুলোর সভাপতিত্ব করবেন।
ইসির সম্মেলন কক্ষে সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে জানা গেছে।
একই দিনে বিকেলে নারী নেত্রীদের সঙ্গে আলাদা সংলাপে বসবে নির্বাচন কমিশন। এতে প্রায় ৪০ জন নারী নেত্রীর মতামত ও পরামর্শ নেওয়া হবে।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়। পরে ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সভা করে সংস্থাটি।
ইসি সূত্রে জানা গেছে, আগামীতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গেও সংলাপে বসবে কমিশন। ইতোমধ্যে সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত ও পরামর্শ নির্বাচনী প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে।


