রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ (১৩ অক্টোবর) সোমবার রাত দেড়টার দিকে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে থেকে সংঘর্ষের সূচনা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে পুরো নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই উত্তেজনা রাত তিনটার দিকে পুলিশ এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহনেওয়াজ হলের সামনে থেকে শিক্ষার্থীদের একটি পক্ষ ইট-পাটকেল ছুঁড়ছে এবং কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ভাঙচুর করছে। ঘটনাস্থলে একপাশে ঢাবির শিক্ষার্থীরা, অপর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা—আর মাঝখানে উত্তেজনা প্রশমনে ব্যস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ইটপাটকেল নিক্ষেপের মধ্যেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত সম্পর্কে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শাহনেওয়াজ হলের সামনে একটি ভ্রাম্যমাণ দোকান বসাতে গেলে ঢাবির শিক্ষার্থীরা বাধা দেয়। এই নিয়েই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় টেলিভিশন সাংবাদিক ফরহাদ আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


