শিক্ষা ডেস্ক
ঢাকা: দেশের যেসব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে এখনও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের তালিকা তলব করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এই ব্যর্থতার তথ্য ই-মেইলে পাঠাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১০ ডিসেম্বর জারি করা এক নির্দেশনার আলোকে ৩১ জানুয়ারির মধ্যে সব স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান তা সম্পন্ন করতে পারেনি, তাদের জেলাওয়ারী তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের সংগ্রহ করে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে আগামী ৫ মার্চের মধ্যে sports.phy@gmail.com ই-মেইল ঠিকানায় এই তালিকা পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ওই ছকে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন (EIIN) নম্বর, প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এবং মন্তব্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মূলত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া উৎসব শেষ না করায় এখন এমন কড়া অবস্থান নিয়েছে মাউশি।
বাংলাফ্লো/এফআইআর






