বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তিনি হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।
হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’ এবং আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ডা. সায়েদুর রহমান বলেন, “বুলেটটি হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অতি গুরুত্বপূর্ণ অংশ ‘ব্রেন স্টেম’ (Brain Stem) ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। ব্রেন স্টেম মানুষের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাই এখন কোনো নতুন ইন্টারভেনশন বা অস্ত্রোপচার সম্ভব নয়।”
বর্তমানে হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে। ডা. সায়েদুর জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন এবং স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ হয়েছিল, যা আপাতত নিয়ন্ত্রণে। তিনি বলেন, “এখনই কোনো আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই। তবে ক্ষীণ আশার জায়গা হলো—রোগীর শরীরে এখনো ‘সাইন অব লাইফ’ আছে এবং অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা দেখা গিয়েছিল।”
বাংলাফ্লো/এফআইআর






