বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সরকারি সেবা প্রদানে দুর্নীতি এবং ফাইল আটকে রাখার দীর্ঘসূত্রতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও মূল্যায়নসংক্রান্ত একটি প্রতিবেদন গ্রহণকালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি প্রতিষ্ঠানে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনা এমনভাবে গড়ে তুলতে হবে যেন সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবং ‘ফাইল আটকে থাকার সংস্কৃতি’ চিরতরে বন্ধ হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং ইউএনডিপির কারিগরি সহায়তায় তৈরি এই প্রতিবেদনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত পাঁচটি প্রধান প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বিপিএটিসি, বিসিএস প্রশাসন একাডেমি, বিয়াম, নাডা ও এনএপিডি) মূল্যায়ন তুলে ধরা হয়। বৈঠকে ড. ইউনূস মান্ধাতা আমলের প্রশিক্ষণ পদ্ধতির সমালোচনা করে বলেন, গৎবাঁধা প্রশিক্ষণের পরিবর্তে ‘প্রবলেম সলভিং’ বা সমস্যা সমাধানমূলক প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে। তার নির্দেশ, নাগরিকরা সেবার জন্য সরকারের কাছে আসবে না, বরং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারই নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।
দক্ষতা বৃদ্ধিতে কর্মকর্তাদের মূল্যায়নে নম্বর ও ইনসেনটিভ দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে র্যাংকিং করার প্রস্তাব দেন তিনি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এমন পরিবেশ তৈরি করতে হবে যেন বেসরকারি কর্মকর্তারাও সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে গর্ববোধ করেন। এটিই বাংলাদেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর প্রথম এ ধরনের মূল্যায়ন, যা ভবিষ্যতে জনসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






