বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে এই স্বীকৃতি প্রদান করেছেন। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ত) অনুযায়ী এই স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটগুলোর মধ্যে তাঁদের দলের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাঁদের এই আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব চূড়ান্ত রূপ পেল।
বাংলাফ্লো/এফআইআর






