স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। দল গোছানোর কাজ শেষ করে এবার মাঠের বাইরের প্রস্তুতিতেও চমক দেখাল তারা। নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক আয়োজনে পলাশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। এই আয়োজনে দলের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দল গুছিয়ে নিলেও অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে দলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বজলুর রহমান রতন দেশি ক্রিকেটার জাকের আলী অনিকের ওপর খুব একটা আস্থা রাখতে পারছেন না।
অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, “জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। যেটা বাস্তবতা, জাকেরের চেয়ে আমি চাইব নবিকে (মোহাম্মদ নবি) নিয়ে বা কুশল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে, কোচ খালেদ মাহমুদ সুজন আছেন। ওনাদের সাজেশনের ব্যাপার আছে। তবে অধিনায়ক হিসেবে আমাদের দুই-তিনটা চয়েজ আছে। সৌম্য সরকারও আমাদের বিবেচনায় আছে।”
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের পূর্ণাঙ্গ স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী ও মোহাম্মদ নবি।
কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে নিজেদের প্রথম আসরেই বাজিমাত করতে চায় নোয়াখালী এক্সপ্রেস।
বাংলাফ্লো/এফআইআর






