বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড থেকে দীর্ঘদিন দূরে থাকলেও হঠাৎ করেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী সেলিনা জেটলি। কোনো নতুন সিনেমার জন্য নয়, বরং নিজের ব্যক্তিজীবনের চরম এক ট্র্যাজেডির কথা জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। ১৫তম বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে পেয়েছেন বিবাহবিচ্ছেদের নোটিশ—এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে নিজের এই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সেলিনা। তিনি জানান, ঘটনাটি ২০২৪ সালের সেপ্টেম্বরের। স্বামী পিটার হাগ তাকে বিবাহবার্ষিকীর বিশেষ উপহার দেওয়ার কথা বলে গাড়ি চালিয়ে স্থানীয় একটি পোস্ট অফিসে নিয়ে যান। সেলিনা ভেবেছিলেন হয়তো কোনো গয়না বা রোমান্টিক কিছু অপেক্ষা করছে। কিন্তু পিটারের দেওয়া খাম খুলে আকাশ ভেঙে পড়ে তার মাথায়; সেখানে ছিল ডিভোর্সের আইনি কাগজপত্র। এক দশকেরও বেশি সময়ের সংসার মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া থেকে নিজের দেশে ফিরে আসার অভিজ্ঞতাও ছিল সিনেমার গল্পের মতো ভয়াবহ। সেলিনা জানান, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টার দিকে তিনি প্রতিবেশীদের সহায়তায় অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হন। সে সময় তার ব্যাংক অ্যাকাউন্টে নামমাত্র টাকা ছিল। সেই সামান্য সম্বল আর আত্মসম্মানটুকু বাঁচিয়ে তিনি ভারতে নিজের বাড়িতে আশ্রয় নেন।
অভিনেত্রীর অভিযোগ, বিয়ের বহু আগে ২০০৪ সালে কেনা তার নিজস্ব সম্পত্তিও এখন নিজের বলে দাবি করছেন পিটার। এমনকি আদালতের নির্দেশ থাকার পরেও তিন সন্তানের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। উল্টো শিশুদের ‘ব্রেনওয়াশ’ করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অসহায় মা। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাফ্লো/এফআইআর






