বিনোদন ডেস্ক
ঢাকা: টানা অসুস্থতায় নাজেহাল অবস্থা জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কড়ের। যকৃতে (লিভার) দ্বিতীয়বারের মতো টিউমার ধরা পড়ার পর সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়েছে। তবে এরপরও শারীরিক জটিলতা তাঁর পিছু ছাড়েনি। বর্তমানে তিনি এতটাই অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছেন যে, স্বাভাবিক নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন।
সম্প্রতি নিজের ভ্লগে শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে দীপিকা বলেন, অস্ত্রোপচারের পর থেকে তাঁর খাবারে চরম অনীহা তৈরি হয়েছে এবং সারাক্ষণ শরীরে অস্বাভাবিক ক্লান্তি কাজ করছে। পাশাপাশি তিনি ঘন ঘন ‘মুড সুইং’ বা মেজাজ পরিবর্তনের শিকার হচ্ছেন। চরম ক্লান্তির কারণে বিশ্রামের গুরুত্ব উপলব্ধি করছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এতটাই ক্লান্তি যে আমি নড়াচড়াও করতে পারছি না। যেদিন মানসিক অবস্থা ভালো থাকে না, সেদিন কিছুই করতে পারি না এবং লড়াই করার ক্ষমতাও হারিয়ে যায়।” তবে এই চরম অসুস্থতার মাঝেই পবিত্র রমজান উপলক্ষ্যে সম্প্রতি তিনি প্রথমবারের মতো রান্নাঘরে কাজ করেছিলেন বলে জানান।
বর্তমানে এই অভিনেত্রীকে কড়া ডায়েট ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হচ্ছে। তাঁর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকাকে এখন খুব কড়া রুটিন মেনে চলতে হচ্ছে। সকাল ৭টায় ঘুম থেকে উঠে তিনি হাঁটতে যান এবং সন্ধ্যা ৭টার পর তাঁর কোনো কিছু খাওয়া বারণ। সারাদিন ঘরে বসে থেকে যেন অবসাদ বা বিষণ্ণতা জেঁকে না বসে, সেদিকেও পরিবার থেকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






