বিনোদন ডেস্ক
ঢাকা: কনসার্টের মঞ্চ ও বিলবোর্ড চার্ট কাঁপানোর পর এবার শব্দের দুনিয়াতেও নিজেদের পাকাপোক্ত জায়গা করে নিলেন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটের ভক্তরা। বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন অভিধান ডিকশনারি ডটকম (Dictionary.com) আনুষ্ঠানিকভাবে তাদের শব্দভাণ্ডারে যুক্ত করেছে নতুন একটি শব্দ— ‘Swiftie’ (সুইফটি)। বছরের পর বছর ধরে ভক্তরা নিজেদের এই নামে ডাকলেও, এখন থেকে এটি একটি স্বীকৃত ইংরেজি শব্দ হিসেবেই বিবেচিত হবে।
অভিধানটির সংজ্ঞায় বলা হয়েছে, ‘সুইফটি’ শব্দের অর্থ হলো— ‘টেইলর সুইফটের সঙ্গীতের একজন অনুরাগী বা প্রবল ভক্ত।’
বিয়ন্সের ভক্তদের ‘বিহাইভ’ (Beyhive), স্টার ট্রেকের ভক্তদের ‘ট্রেকি’ (Trekkies) কিংবা জেন অস্টিনের ভক্তদের ‘জেনেট’ (Janeite) বলা হয়। এই লিজেন্ডারি ফ্যানবেসগুলোর নামের পাশাপাশি এখন সগৌরবে যুক্ত হলো ‘সুইফটি’।
ডিকশনারি ডটকম-এর ভাষাবিজ্ঞানীরা জানিয়েছেন, কোনো শব্দ যখন নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে অসংখ্য মানুষের কাছে গ্রহণযোগ্য অর্থ বহন করে এবং দীর্ঘকাল টিকে থাকার সম্ভাবনা তৈরি করে, তখনই তাকে অভিধানে যুক্ত করা হয়। সুইফটিদের বিশ্বব্যাপী প্রভাবের কারণেই মিলেছে এই স্বীকৃতি।
টেইলর সুইফট আগে থেকেই এই নামের অধিকার নিয়ে বেশ সচেতন ছিলেন। ২০১৭ সালে তিনি তার প্রতিষ্ঠান ‘টিএএস রাইটস ম্যানেজমেন্ট, এলএলসি’-এর মাধ্যমে শব্দটি ট্রেডমার্ক করার আবেদন করেন, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালে পূর্ণাঙ্গভাবে নিবন্ধিত হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ






