বিনোদন ডেস্ক
ঢাকা: পরিচালক আদিত্য ধরের স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র প্ল্যাটফর্ম আইএমডিবি (IMDb)-এর সর্বকালের সেরা ২৫০টি চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।
আইএমডিবির তথ্য অনুযায়ী, এক লাখেরও বেশি ব্যবহারকারীর ভোটের ভিত্তিতে ‘ধুরন্ধর’-এর বর্তমান রেটিং ৮.৫/১০। এই রেটিং নিয়ে ছবিটি তালিকার ২৫০তম স্থানে অবস্থান করছে। এটি জনপ্রিয় ছবি ‘দৃশ্যম’-এর ঠিক নিচে এবং কাল্ট ক্লাসিক ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মাত্র চার ধাপ পেছনে রয়েছে।
আইএমডিবির এই তালিকায় স্থান পাওয়া যেকোনো ছবির জন্য বড় সম্মানের, কারণ এটি একটি জটিল অ্যালগরিদমের মাধ্যমে নির্ধারিত হয়। গত কয়েক বছরে খুব কম ভারতীয় ছবিই এই মর্যাদা পেয়েছে। বর্তমানে রণবীর সিংয়ের ছবির পাশাপাশি ‘দঙ্গল’, ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জমিন পার’, ‘টুয়েলভ্থ ফেইল’, ‘জয় ভীম’ এবং ‘মহারাজা’ এই তালিকায় রয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’, এরপর ‘দ্য গডফাদার’ ও ‘দ্য ডার্ক নাইট’। ‘ধুরন্ধর’-এর এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে, ছবিটি বাণিজ্যিক সীমানা পেরিয়ে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।
বাংলাফ্লো/এফআইআর






