বিনোদন ডেস্ক
ঢাকা: প্রেমের গুঞ্জনে যখন বাতাস ভারী, ঠিক তখনই আইনি ঝড়ে বিপর্যস্ত দক্ষিণী সুপারস্টার ধানুশ। একদিকে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার জোর গুজব, অন্যদিকে প্রযোজক সংস্থার ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি—সব মিলিয়ে রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।
ঘটনার সূত্রপাত সেই ২০১৬ সালে। ‘থেনান্ডাল ফিল্মস’-এর ব্যানারে ‘নান রুদ্রান’ নামের একটি মেগা প্রজেক্ট পরিচালনা ও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ধানুশ। কথা ছিল, এই ছবিতে তার সঙ্গী হবেন নাগার্জুন আক্কিনেনি ও এসজে সূর্য। কিন্তু হায়! দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার ক্যামেরা আর অন হয়নি। বারংবার সময় নিয়েও কাজ শুরু না করায় ধৈর্যের বাঁধ ভেঙেছে প্রযোজনা সংস্থার; তারা সোজা আইনি নোটিশ পাঠিয়ে ধানুশের কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের অভিযোগ, ধানুশের এই ‘অসহযোগিতা’ তাদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে।
এদিকে সিনেমার পর্দার বাইরের নাটকও কম জমজমাট নয়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের আবহে চাউর হয়েছিল, দুই পরিবারের উপস্থিতিতেই নাকি ম্রুণাল ঠাকুরের গলায় মালা দিতে চলেছেন ধানুশ। কিন্তু এই ‘বিয়ে’র খবরে নিজেই হেসে কুটিপাটি ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী। রসিকতা করে সাংবাদিকদের তিনি বলেই বসলেন, ‘‘আজ গায়ে হলুদ, কাল সংগীত! আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না!’’ পরক্ষণেই সিরিয়াস হয়ে জানালেন, নিজের বিয়ের খবর তিনি নিজেই জানেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, লুকোছাপায় বিশ্বাসী নন; বিয়ে করলে ঢোল পিটিয়ে সবার সামনেই করবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






