রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের মানদণ্ডে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮টার পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৫৮, যা বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থান।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, সর্বোচ্চ দূষিত শহর পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৩৫। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ২২৯ এবং তৃতীয় স্থানে কলকাতা যার স্কোর ১৮৪। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি যার স্কোর ১৮৩ এবং পঞ্চম স্থানে কুয়েত সিটি যার স্কোর ১৬৪।

তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের স্কোর ১৫৮ থেকে ১৩২-এর মধ্যে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, ০–৫০ স্কোর মানে বায়ু ‘ভালো’, ৫১–১০০ মাঝারি বা ‘সহনীয়’, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বাতাস শ্বাসকষ্ট, হৃদরোগ ও শিশু-বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।


