বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯ যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা পিএম ২ দশমিক ৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় আজ ঢাকার বাতাসে এই কণার পরিমাণ প্রায় ১৭ গুণ বেশি।
রাজধানীর বিভিন্ন এলাকায় একিউআই স্কোর ভিন্নভাবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি দূষণ রেকর্ড হয়েছে কল্যাণপুরে, যেখানে স্কোর ২১২ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। এর পর রয়েছে বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৫৫)। এসব এলাকা বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বাতাসে ঘেরা।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৬৩ ‘বিপজ্জনক’ পর্যায়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কলকাতা, দুটি শহরেই বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:
- ০–৫০ = ভালো
- ৫১–১০০ = মাঝারি
- ১০১–১৫০ = সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০ = অস্বাস্থ্যকর
- ২০১–৩০০ = খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি = বিপজ্জনক


