বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ফাল্গুনের মাঝামাঝিতে এসে সোমবার (২ মার্চ) দুপুরের পর শুরু হওয়া এই বৃষ্টি নগরবাসীকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শ্রীমঙ্গল ও পটুয়াখালীতেও সামান্য বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা এবং পরিবেশ কিছুটা ঘোলাটে ছিল। বিকেল ৩টার পর বৃষ্টি শুরু হয় এবং কোথাও কোথাও তা ঝুম বৃষ্টিতে রূপ নেয়, যা নগরজীবনে প্রশান্তি নিয়ে আসে।
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর



