বিনোদন ডেস্ক
ঢাকা: বড়দিন মানেই টলিউডে সুপারস্টার দেবের ধামাকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ মুক্তির অপেক্ষায়। কিন্তু মুক্তির ঠিক আগেই বড়সড় বিতর্কে জড়াল ছবিটি। পোস্টার লাগানো থাকলেও কলকাতার একাধিক জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন সিনেমা হলে শো পায়নি দেবের এই সিনেমা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে নিজেকে ‘সিনেমা মাফিয়া’ বলা সমালোচকদের কড়া জবাব দিয়েছেন দেব।
দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সিঙ্গল স্ক্রিন হলের বাইরে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিক অভিনীত ‘মিতিন মাসি’র পোস্টার পাশাপাশি শোভা পাচ্ছিল। কিন্তু হলের শো টাইম তালিকায় দেখা যায়, দেবের সিনেমার কোনো স্লট নেই। বিষয়টি নজরে আসতেই দেব সোশ্যাল মিডিয়ায় সেই হলের ছবি পোস্ট করেন। তবে ছবিতে তিনি কৌশলে প্রতিদ্বন্দ্বী ছবি ‘মিতিন মাসির’ পোস্টারটি ঝাপসা (Blur) করে দেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে দেব লেখেন, “এই বছর আমাকে অনেকে অনেক তকমা দিয়েছে। কেউ বলেছে মাফিয়া, তো কেউ মেগাস্টার। অথচ দেখুন, সিনেমা হলে আমার সিনেমার পোস্টার লাগার পরও ছবিটি জায়গা পায়নি। আশা করি সিনেমা হলের মালিকরা খুশি।” তিনি আরও বলেন, হল মালিকরা বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে এবং বাংলা সিনেমার জন্য তার লড়াই চলবেই।
চলতি বছরের পূজা মৌসুমে দেবের প্রযোজনা সংস্থার ছবি ‘রঘু ডাকাত’ মুক্তি পেয়েছিল। তখন অভিযোগ উঠেছিল, ক্ষমতার অপব্যবহার করে অন্য ছবির শো কমিয়ে দেব নিজের ছবিকে বেশি সুবিধা করে দিচ্ছেন। তখন তাকে অনেকেই ‘সিনেমা মাফিয়া’ বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু বড়দিনে নিজের ছবি শো না পাওয়ায় সেই সমালোচনারই পাল্টা জবাব দিলেন দেব। তার এই বার্তা যে হল মালিক ও ডিস্ট্রিবিউটারদের সিন্ডিকেটের বিরুদ্ধে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাফ্লো/এফআইআর






