বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: এবারের সংসদ বিশ্বের বুকে বিরল বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৯ মার্চ) বিকালে ১৩ দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে, কেউ গুম হওয়া থেকে ফিরে এসেছেন। আবার কেউ কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে জনপ্রতিনিধি হিসেবে সংসদে এসেছেন, যা বিশ্বের বুকে সত্যিই বিরল।
জাতীয় সংসদকে জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, জনগণ আশায় থাকে যেন এই সংসদে তাদের গণতন্ত্রের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটে।
মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। এই পদে তাকে নির্বাচিত করে আস্থা ও সম্মান প্রদর্শন করায় তিনি সংসদ নেতা, প্রধানমন্ত্রীসহ সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসতে পারায় তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের অকুণ্ঠ সমর্থনে তিনি আজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






