বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করার মাত্র দুই দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ বক্তব্য এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনে হুমকির প্রতিবাদ জানাতেই এই তলব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদলিপি (Diplomatic Protest) হাই কমিশনারের কাছে হস্তান্তর করেছে। ভারতের অভিযোগের মূল বিষয়গুলো হলো:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারত মদদ দিচ্ছে—হাসনাত আব্দুল্লাহর এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাকে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।
বাংলাফ্লো/এফআইআর






