বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই ধাপটি পূর্ণ হলো। টানা চার দিন ধরে আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই কার্যক্রম পরিচালনা করেন।
মঙ্গলবার বিকেলে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী আসামিপক্ষের সাফাই সাক্ষ্য নেওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষ সাফাই সাক্ষ্য না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এবং এসংক্রান্ত কোনো আবেদন করেনি। তবে আইনজীবীদের অন্য একটি আবেদনের প্রেক্ষিতে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কারাগার থেকে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। গত বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল এবং ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বাংলাফ্লো/এফআইআর






