স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিস্ফোরক মন্তব্যে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপের ক্ষতিপূরণ ইস্যুতে ক্রিকেটারদের প্রতি তার অপমানজনক বক্তব্যের জেরে খেলা বর্জনের হুমকি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এর ফলে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ আয়োজন নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংকটের সূত্রপাত গতকাল, যখন বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম উল্টো ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ওদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করছি, তার প্রতিদান ওরা কী দিতে পেরেছে? একটা বৈশ্বিক ট্রফি আনতে পেরেছে? ওরা যদি কিছুই না দিতে পারে, তবে আমরাও তো বলতে পারি যে তোমাদের পেছনে যা খরচ করেছি তা ফেরত দাও। ক্ষতিপূরণের প্রশ্নই আসে না।”
বিসিবি পরিচালকের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো ক্রিকেট পাড়া। তাৎক্ষণিকভাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে কোয়াব। দাবি না মানলে ক্রিকেট বয়কটেরও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এর প্রভাব আজ সকালেই মাঠে দৃশ্যমান হয়েছে। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের কোনো ক্রিকেটার মাঠে আসেননি। তারা হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিপিএলের ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। তারা টুর্নামেন্ট চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে। ক্রিকেটারদের পক্ষ থেকে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান পরিষ্কার করার কথা রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিসিবি পরিচালকের পদত্যাগের বিষয়টি সুরাহা না হচ্ছে, ততক্ষণ বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






