বিনোদন ডেস্ক
ঢাকা: হলিউডের অন্যতম সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এই সিরিজের মূল চরিত্র ‘ডমিনিক টোরেটো’ খ্যাত ভিন ডিজেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি যে ক্যাপশন দিয়েছেন, তাতেই নতুন করে জল্পনা—তবে কি এবার হলিউডে অভিষেক হতে চলেছে সিআরসেভেনের?
ভিন ডিজেল শুরুতে ক্যাপশনে লিখেছিলেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল শর্টফিল্ম ‘লস বানডোলেরস’-এ রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে কিছুক্ষণ পরেই তিনি ক্যাপশন এডিট করেন। নতুন ক্যাপশনে তিনি লেখেন, “সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম…।”
অভিনেতার এই ক্যাপশন পরিবর্তনের বিষয়টি ভক্তদের চোখ এড়ায়নি। নেটিজেনরা ধারণা করছেন, ফ্র্যাঞ্চাইজির আসন্ন ও শেষ সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ হয়তো রোনালদোকে বিশেষ কোনো চরিত্রে দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শোনা যাচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ দিয়েই শেষ হবে দীর্ঘদিনের এই জনপ্রিয় সিরিজ। এতে ভিন ডিজেলের সঙ্গে ডোয়াইন জনসন (দ্য রক), জেসন মোমোয়া ও জেসন স্ট্যাথামের মতো তারকাদের ফেরার কথা রয়েছে। এমনকি প্রয়াত পল ওয়াকারের চরিত্র ‘ব্রায়ান ও’কনার’কেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটি ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে। এমন জমজমাট বিদায়ী আয়োজনে রোনালদোর উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






