বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি। রবিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বৈচিত্র্য আনা এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ঢাকাস্থ থাই দূতাবাস জানিয়েছে, বৈঠকের মূল এজেন্ডা ছিল দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করা। উভয় পক্ষই যত দ্রুত সম্ভব এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও পরামর্শ শুরু করার ওপর জোর দিয়েছে। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বাণিজ্যে কীভাবে আরও বৈচিত্র্য আনা যায়, তা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে কানেক্টিভিটি বাড়াতে একটি নতুন শিপিং রুটের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে থাইল্যান্ডের রানং বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে নতুন শিপিং রুট চালুর বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষই মনে করে, এই রুট চালু হলে পারস্পরিক বাণিজ্য ও সমৃদ্ধির প্রচার এবং প্রসারে এটি বিশেষ ভূমিকা রাখবে।
বাংলাফ্লো/এফআইআর






