বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের প্রধান গেটের ঠিক বিপরীত পাশে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসআই আব্দুল কাদির বলেন, “এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।” পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






