আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ: মাথা ফাটা ৭ ছাত্র ঢামেকে
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর চকবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মাদ্রাসার ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে অন্য একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে জড়ো করে। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষের রূপ নেয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলিয়া মাদ্রাসা থেকে আহত অবস্থায় সাত জন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁরা সবাই ছাত্র এবং সবারই মাথায় আঘাত লেগেছে। আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। বর্তমানে জরুরি বিভাগের চার নাম্বার রুমে তাঁদের চিকিৎসা চলছে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






