বিনোদন ডেস্ক
ঢাকা: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘চক্র ২’-এর স্ট্রিমিং শুরু হয়েছে। তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি দেখার আগে দর্শকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছেন এর প্রধান অভিনেতা তৌসিফ মাহবুব। বৃহস্পতিবার (২৬ মার্চ) মুক্তির দিনেই তিনি জানিয়েছেন, এই সিরিজটি দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়।
বৃহস্পতিবার থেকে আইস্ক্রিন (iScreen) প্ল্যাটফর্মে শুরু হয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুমের স্ট্রিমিং। অভিনেতা তৌসিফ মাহবুব নিজের ফেসবুক পোস্টে স্ট্রিমিংয়ের খবর নিশ্চিত করে দর্শকদের উদ্দেশ্যে এই বিশেষ সতর্কবার্তাটি দিয়েছেন।
পরিচালক ভিকি জাহেদ নির্মিত ‘চক্র’ সিরিজটি মূলত ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’র মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে তৈরি। প্রথম মৌসুমে ঘটনাটির মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হলেও রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি।
প্রথম মৌসুম যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে ‘চক্র ২’-এর গল্প। পরিচালক ভিকি জাহেদ জানিয়েছেন, এই মৌসুমে আদম পরিবারের পেছনের অন্ধকার ইতিহাস এবং তাদের চূড়ান্ত পরিণতির আসল কারণগুলো অনুসন্ধান করা হবে।
দ্বিতীয় মৌসুমে নতুন সংযোজন হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, গাজী রাকায়েত, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শাহেদ আলী, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, আরেফিন জিলানি, মার্শিয়া শাওন প্রমুখ।
বাংলাফ্লো/এম এইচ এইচ




