লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: প্রেমের সপ্তাহে গোলাপ আর প্রপোজের পর আজ ৯ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘চকোলেট ডে’। রাগ, অভিমান আর ভালোবাসার মিশ্রণে সম্পর্ককে আরও একটু মধুর ও গাঢ় করে তোলার দিন আজ। ভ্যালেন্টাইনস সপ্তাহের তৃতীয় এই দিনে প্রিয়জনের হাতে পছন্দের চকোলেট তুলে দিয়ে মিষ্টতা ছড়ানোর পালা।
দিনটির গুরুত্ব কেবল মিষ্টি খাওয়াতেই নয়, বরং মনের কথা বলার সহজ মাধ্যম হিসেবেও চকোলেটের জুড়ি নেই। যারা এখনো ‘প্রপোজ’ করতে পারেননি, তাদের জন্য একটি দামি চকোলেটের সঙ্গে ছোট্ট একটি কার্ড হতে পারে ভালোবাসার কথা জানানোর সেরা উপায়। তবে শুধু যুগলরাই নয়, বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গেও এই দিনটি উদযাপন করা যায়। ডায়েটের চিন্তা ভুলে আজ শুধুই মিষ্টতা ভাগ করে নেওয়ার দিন। কারণ, চকোলেট ডে শেখায়—উপহারের চেয়ে অনুভূতির আন্তরিকতাই আসল। আগামীকাল ‘টেডি ডে’র আগে আজকের দিনটি কাটুক চকোলেটের সুবাসে।
বাংলাফ্লো/এফআইআর





