রাশমিকা মান্দানা, আলিয়া ভাট এবং কাজলের পরে এবার ডিপফেকের শিকার হলেন ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। তার নাম ও ছবি বিকৃত করে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে অনলাইনে ছড়ানোর অভিযোগ উঠেছে।
এ নিয়ে রবিবার (২৭ অক্টোবর) হায়দরাবাদ সাইবার ক্রাইমে মামলা দায়ের করেছেন বরেণ্য এই অভিনেতা।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এক প্রতিবেদনে জানিয়েছে, তথ্যপ্রযুক্তি আইন, ভারতীয় ন্যায় সংহিতা এবং নারীর অশালীন উপস্থাপন (নিষেধ) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু ওয়েবসাইট মিথ্যা ও অশালীন প্রেক্ষাপটে চিরঞ্জীবীর ছবি ব্যবহার করে তৈরি ডিপফেক কনটেন্ট প্রকাশ ও প্রচার করেছে। অভিনেতা কর্তৃপক্ষকে এসব ওয়েবসাইটগুলোর বিস্তারিত তথ্যও দিয়েছেন।
এ বিষয়ে চিরঞ্জীবী বলেন, “এসব কাজ আমার গোপনীয়তা, সুনাম ও মর্যাদার অধিকারের (ভারতের সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুসারে সুরক্ষিত) লঙ্ঘন।” এই ডিপফেক ভিডিওগুলো আলাদা কিছু ঘটনা নয়, বরং একটি সংগঠিত ও পরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জীবী বলেন, “এই ভুয়া ভিডিওগুলো আমার কয়েক দশকে গড়ে তোলা সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি তারকাদের কাছে এখন হুমকিস্বরূপ। এ প্রযুক্তি ব্যবহার করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্নো বা আপত্তিকর ভিডিও। গত কয়েক বছরে ভারতের বেশ কজন তারকা অভিনেত্রীর ‘ডিপফেক’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।- বলিউড হাঙ্গামা


