বিনোদন ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে সাহসী পোশাকে ঝড় তুললেন মার্কিন গায়িকা চ্যাপেল রোয়ান। গত রোববার রাতে আয়োজিত এই আসরে তিনি মেরুন রঙের একটি ‘মুগলার’ গাউন পরলেও শরীরের উপরিভাগ ছিল সম্পূর্ণ অনাবৃত, যা আবৃত ছিল কেবল শৈল্পিক বডি আর্টে। তার এই ব্যতিক্রমী সাজ ও ফ্যাশন সচেতনতা বিশ্বজুড়ে ভক্ত ও সমালোচকদের চমকে দিয়েছে।

বার্গান্ডি রঙের কোঁকড়ানো চুল আর বোল্ড স্মোকি আই মেকআপে হাজির হওয়া রোয়ান কেবল রেড কার্পেটেই ক্ষান্ত হননি, পারফরম্যান্সের সময় মঞ্চেই পোশাক পরিবর্তন করে রোমান ঘরানার অফ-শোল্ডার গাউন পরে সবাইকে তাক লাগিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ একে ‘বিতর্কিত’ আখ্যা দিচ্ছেন।

এবারের আসরে চ্যাপেল রোয়ান তার ‘দ্য সাবওয়ে’ গানের জন্য একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন এবং ‘উই আর মুভিং দ্য নিডল ২০২৬ রেজোনেটর অ্যাওয়ার্ডস’-এ ‘হারমোনাইজার অ্যাওয়ার্ড’ জিতেছেন। পুরস্কার গ্রহণকালে তিনি সংগীতশিল্পীদের ন্যায্য মজুরি ও উন্নত স্বাস্থ্যসেবার দাবি জানান। উল্লেখ্য, গত বছর তিনি গ্র্যামিতে ‘সেরা নতুন শিল্পী’র পুরস্কার জিতেছিলেন।

বাংলাফ্লো/এম এইচ এইচ






