বিনোদন ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র চঞ্চল চৌধুরী ও পরীমণি। একজন তার অনবদ্য অভিনয়ে জয় করেছেন দেশ-বিদেশের দর্শকদের মন, অন্যজন গ্ল্যামার আর সাহসিকতায় মাতিয়ে রেখেছেন রূপালি পর্দা। সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমণিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা অকপটে জানালেন চঞ্চল চৌধুরী। তবে সেই মুগ্ধতার পিঠেই ছিল পরীমণির খুনসুটি আর ‘বুড়ো’ হয়ে যাওয়ার আক্ষেপ।
চঞ্চল চৌধুরী পরীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ‘স্ক্রিনে পরীর যে অ্যাপিয়ারেন্স, দর্শক তার চেহারায় প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়। এটা ওর বড় প্লাস পয়েন্ট। তবে শুধু সৌন্দর্য নয়, ওর যে অভিনয় দক্ষতা আছে, সেটাকেও নির্মাতাদের আরও বেশি কাজে লাগানো উচিত। আমার মনে হয় পরীমণিকে আরও নতুনভাবে এক্সপ্লোর করার সুযোগ রয়েছে।’
অন্যদিকে, চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত হলেও পরীমণি শেয়ার করলেন পর্দার পেছনের এক মজার ঘটনা। তিনি বলেন, ‘আজ লিফটে করে আসার সময় হাসাহাসি করতে করতে ভাইয়াকে বলছিলাম— ভাইয়া, একটা যুগ পার হয়ে গেল, আমাদের যখন একসঙ্গে কাজ হচ্ছে তখন আমরা বুড়ো হয়ে গেছি।’ পরীর এমন খুনসুটির জবাবে চঞ্চল চৌধুরীও মজা করে নিজেকে ‘বুড়ো’ হিসেবে মেনে নেন।
পরীমণি আরও বলেন, ‘টিনএজ সময়টা আমরা পেছনে ফেলে এসেছি। মনের ভেতরে হয়তো এখনো টিনএজ ভাবটা আছে, কিন্তু বয়স তো আর থেমে থাকে না। হয়তো এই সময়টাতেই আমাদের একসঙ্গে কাজ হওয়ার কথা ছিল। আমি চাই আমাদের এই কাজটি দর্শক পছন্দ করুক।’
বাংলাফ্লো/এফআইআর






