বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। তারা সিসি ক্যামেরা, আসবাবপত্র এবং অমূল্য বাদ্যযন্ত্র—যেমন তবলা, হারমোনিয়াম ও বেহালা ভাঙচুর করে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাদ্যযন্ত্র ও বিভিন্ন কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনার পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করেন। তিনি ধ্বংসযজ্ঞ দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সিসিটিভি ফুটেজ দেখে দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একদল দুর্বৃত্ত ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবন, দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
বাংলাফ্লো/এফআইআর






