বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে (শনিবার, ২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এই শ্রদ্ধা নিবেদন পর্বে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাত ১২টার পর বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
আজ রক্তস্নাত ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের নির্মম গুলিবর্ষণের মধ্য দিয়ে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ নাম না জানা অনেকেই সেদিন অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। গৌরবোজ্জ্বল সেই ভাষা আন্দোলনের আজ ৭৪ বছর পূর্ণ হলো। বাঙালির প্রাণের এই দিনে সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে সেই কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’
বাংলাফ্লো/এফআইআর






