স্পোর্টস ডেস্ক
ঢাকা: নিরাপত্তা শঙ্কায় ভারতে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চূড়ান্তভাবে বাদ পড়ল বাংলাদেশ। আইসিসির দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। গত শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি তাদের এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়। এর আগে ২১ জানুয়ারি আইসিসির চূড়ান্ত বৈঠকে মেজাজ হারিয়ে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে চরম উত্তেজনা দেখা দেয়। সেখানে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত স্পষ্ট জানিয়ে দেন, ভারতে খেলতে না চাইলে বাংলাদেশকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আবেগ ধরে রাখতে না পেরে মেজাজ হারান এবং চিৎকার শুরু করেন, যা আইসিসি ভালোভাবে নেয়নি।
বৈঠক শেষে আইসিসি বিসিবিকে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড বৈঠক করে তাদের আগের অবস্থানেই অনড় থাকে এবং জানিয়ে দেয়—ভারতে তারা ম্যাচ খেলবে না। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকিট দেয় আইসিসি।
বিশ্ব ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বিসিবির উদ্বেগের বিষয়টি তারা তিন সপ্তাহ ধরে পর্যালোচনা করেছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি নেই। আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচির অখণ্ডতা রক্ষা এবং ভুল নজির স্থাপন এড়াতেই তারা সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






