শিক্ষা ডেস্ক
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শুরু হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের পরেই বুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
গত ২৮ জানুয়ারি ২০২৬ রাতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচনের কারণে ভর্তি শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফল বর্তমানে বুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধার ভিত্তিতে বাছাইকৃত ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ছাত্র ছিলেন ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী, যা মোট প্রার্থীর ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাফ্লো/এফআইআর






