বিনোদন ডেস্ক
ঢাকা: হালের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদনপাড়ায় গুঞ্জনের অন্ত নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন এবং শাকিব খানের নাম জড়িয়ে বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে তুমুল আলোচনা। অবশেষে এসব বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুবলী জানান, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তিনি সঠিক সময় ও শান্তিপূর্ণ পরিস্থিতির অপেক্ষায় আছেন।
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী সরাসরি হ্যাঁ বা না না-বলে কৌশলী উত্তর দেন। তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়েই বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি ও সুষ্ঠু পরিবেশ চাই।’ অন্যদিকে, শাকিব খানের নাম জড়িয়ে বিদেশ যাত্রার গুঞ্জন ও বিতর্কিত প্রশ্ন এড়িয়ে যান বুবলী। তিনি বলেন, ‘একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে এসে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না। সবকিছুর একটা সময় আছে।’ তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, দর্শকদের জানার আগ্রহ থাকা স্বাভাবিক হলেও শিল্পীদের যেন যথাযথ সম্মান দিয়ে উপস্থাপন করা হয়। এছাড়া আসন্ন ভালোবাসা দিবস প্রসঙ্গে বুবলী জানান, প্রিয় মানুষ, দর্শক ও পরিবারের ভালোবাসা নিয়ে প্রতিটি দিনই তার কাছে বিশেষ, তবে ভ্যালেন্টাইনে বিশেষ পরিকল্পনা তো থাকবেই।
বাংলাফ্লো/এম এইচ এইচ




