বিনোদন ডেস্ক
ঢাকা: সানি দেওলের গর্জনে কাঁপছে ভারতের প্রেক্ষাগৃহ। পুরনো সেই উন্মাদনা আর দেশপ্রেমের আবেগে ভাসিয়ে দিয়ে মুক্তি পেল ‘বর্ডার ২’। মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিসে কার্যত সুনামি সৃষ্টি করে ছবিটি আয় করেছে ১১৫ কোটি টাকারও বেশি। দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ২০২৬ সালের এই প্রথম ব্লকবাস্টার।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) মুক্তির দিনেই ৩৫ কোটির ব্যবসা করে বড় ধামাকার ইঙ্গিত দিয়েছিল ছবিটি। এরপর শনি ও রবিবার ছুটির দিনে প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা ছিল না।
শুক্রবার: ৩৫ কোটি রুপি।
রবিবার: ৪০-৪২ কোটি রুপি (প্রাথমিক রিপোর্ট)।
মোট আয় (৩ দিনে): ১১৫ কোটি+ রুপি।
তারুণ্যের শক্তি ও একাত্তরের প্রেক্ষাপট: ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের সীমান্তে পাকিস্তানি হামলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ‘গদর ২’-এর পর সানি দেওল আবারও প্রমাণ করলেন ‘মাস-এন্টারটেইনার’ হিসেবে তার জড়ি নেই। ছবিতে সানি দেওল অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায় থাকলেও তারুণ্যের জোয়ার এনেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা না থাকায় ‘বর্ডার ২’ একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। ছবির এই দাপট অব্যাহত থাকলে আমির খান বা শাহরুখ খানের পুরনো অনেক রেকর্ড ভেঙে চুরমার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






