বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কে অবস্থিত ‘প্রীতম ভিলা’ নামক বাসায় ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবা-মা গ্রামে থাকায় এবং বড় বোন জিমে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বড় বোন শোভা জানান, তিনি জিম থেকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ঘরের ভেতর বড় একটি পাতিলের নিচে তার বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত ভেবেছিলেন, কিন্তু পরে হিজাব সরিয়ে দেখেন লিলির গলায় রশি প্যাঁচানো এবং বঁটি দিয়ে গলা কাটা। তিনি অভিযোগ করেন, তাদের পারিবারিক হোটেলের কর্মচারী মিলনের সঙ্গে গত বৃহস্পতিবার লিলির বাকবিতণ্ডা হয়েছিল। ঘটনার দিন দুপুরেও মিলন খাবার নিতে বাসায় এসেছিল। তাই পরিবারের সন্দেহ মিলনের দিকেই।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ফরাজী হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহের গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, বোনকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা প্রতিবেশীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন নিহতের বোন শোভা।
বাংলাফ্লো/এফআইআর






