বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি। শনিবার (২৯ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।
রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গুরুতর অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন। তিনি বলেন, “দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলশ্রুতিতেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।”
তবে, এই অতিরিক্ত ভিড়ের কারণে হাসপাতালে খালেদা জিয়াসহ অন্য রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়। রিজভী বলেন, “এ অবস্থায় হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।”
রোগীদের চিকিৎসা ও হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






