বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’—জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (১৫ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রাজনীতিতে জামায়াতকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করিয়ে দিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে মনিরুল হক চৌধুরী স্বাধীনতার পর গঠিত জাসদের (জাতীয় সমাজতান্ত্রিক দল) প্রসঙ্গ টেনে আনেন। তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার পর একটি মেধাবী শ্রেণি জাসদ গঠন করেছিল, কিন্তু বাড়াবাড়ি করতে গিয়ে দেশ, জাতি এবং তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি এখন বিএনপিকেই নিজেদের প্রতিপক্ষ মনে করছে। অথচ ১৯৯১ সাল থেকে শুরু করে চরম বিরোধিতার মুখেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, যা তাদের এখন স্মরণ করা উচিত।
বর্তমান সংসদের বিরোধী দল নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, “আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদের চিনতাম, কিন্তু আজ যারা বিরোধী দল, তাদের এখনো আমি চিনি নাই।” প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘কঠিন নির্বাচন’-এর পূর্বাভাসের কথা স্মরণ করে তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার পরই তাঁরা বুঝতে পেরেছেন লড়াইটা কত কঠিন ছিল। এছাড়া, মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানকে এক কাতারে মেলানো হচ্ছে কি না, তা নিয়ে তিনি সংসদে প্রশ্ন তোলেন। তবে বয়সে তরুণ হলেও এনসিপি নেতাদের সাহসিকতার প্রশংসা করে তাঁদের ‘এ যুগের চাহিদা’ বলে স্বীকৃতি দেন প্রবীণ এই নেতা।
বাংলাফ্লো/এফআইআর






